Logo
Logo
×

সারাদেশ

রৌমারী সীমান্তে গভীর রাতে ফের পুশইনের চেষ্টা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:১৩ পিএম

রৌমারী সীমান্তে গভীর রাতে ফের পুশইনের চেষ্টা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বরাইবাড়ি ও উত্তর বারবান্দা সীমান্ত এলাকায় আবারও নতুন করে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ জুন গভীর রাতে সীমান্তের ওপারে কয়েকজনকে জড়ো করে বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রস্তুতির খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর একাধিক চেষ্টা লক্ষ্য করা গেছে। এমন পরিস্থিতিতে তারা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছেন, যাতে কোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঘটতে না পারে।

উত্তর বারবান্দা এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, রাত থেকেই আমরা সীমান্ত পরিস্থিতির দিকে নজর রাখছি। বারবার পুশইনের চেষ্টা হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা চাই সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় থাকুক।

বরাইবাড়ি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ যেন না ঘটে, সেজন্য আমরা বিজিবির সঙ্গে সহযোগিতা করছি। দেশের নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতন থাকতে হবে।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, বারবার পুশইনের চেষ্টার কারণে সীমান্ত পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

সীমান্ত সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে একই ধরনের পুশইনের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের স্বার্থে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন