Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় বিয়েবাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৩৯ পিএম

ভাঙ্গায় বিয়েবাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিয়েবাড়ির অনুষ্ঠানে মাংস খাওয়া ও খাবার নষ্ট করাকে কেন্দ্র করে কনেপক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মো. আরিফ মিয়া, সহিদ মাতুব্বর, ছোরাপ মাতুব্বর ও মমতাজ বেগমসহ আরও কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওড়া নয়াকান্দা গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গ্রামবাসীদের দাওয়াত দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে খাওয়ার সময় গ্রামের কয়েকজন টেবিলের নিচে মাংস জমা করে এবং খাবার নষ্ট করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে কনেপক্ষ ও স্থানীয়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর বলেন, বিয়েবাড়িতে মাংস খাওয়া নিয়ে পাশের বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মাংস খাওয়াকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন