নরসিংদীতে ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৩৬ পিএম
নরসিংদীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ এর উদ্যোগে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’ বাস্তবায়নে জেলা পর্যায়ের বাছাই ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার নতুন এ উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম’-এর আওতায় দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং ফর সেকেন্ডারি লেভেল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স’ কর্মসূচি।
এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক নিয়ে একটি দল গঠন করা হবে। দলগুলো উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে অংশ নেবে।
স্টার্টআপ বিভাগে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন ব্যবসায়িক বা সেবাধর্মী ধারণা উপস্থাপন করবে। বিজ্ঞান প্রকল্প বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন তত্ত্ব ও সূত্রের ব্যবহারিক প্রয়োগভিত্তিক মডেল প্রদর্শন করা হবে। অন্যদিকে ইনোভেশন আইডিয়া বিভাগে মানুষের জীবনকে সহজ ও কার্যকর করতে বাস্তবসম্মত নতুন উদ্ভাবনী ধারণা তুলে ধরা হবে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা ও আইসিটি) মু. রাসেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং জেলা শিক্ষা কর্মকর্তা এএসএম আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা কর্মকর্তা ও বাস্তবায়ন কমিটির সদস্যরা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিজেদের মতামত তুলে ধরেন।



