Logo
Logo
×

সারাদেশ

হিন্দু পরিবারের নিরাপত্তা ও জমি দখলচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম

হিন্দু পরিবারের নিরাপত্তা ও জমি দখলচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ শহরে এক হিন্দু পরিবারকে উচ্ছেদের চেষ্টা, জমি দখল, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোটের কিশোরগঞ্জ শাখা।

রোববার সকালে জেলা শহরের কালীবাড়ী মোড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের বিরুদ্ধে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছে। তাদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।

জানা গেছে, শহরের নগুয়া এতিমখানা রোড এলাকার বাসিন্দা রিপন চন্দ্র সূত্রধরের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, গত ১ জুন সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তার বাসার সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাকে ও পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেন। পরদিন ২ জুন দুপুরে শহরের কালীবাড়ী রোড এলাকায় একটি মোটরসাইকেল মেরামতের দোকানের পাশে তাকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ধারাবাহিক এসব ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষদর্শী রয়েছেন বলেও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, রিপন চন্দ্র সূত্রধরের পরিবার বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এরপরও একটি চক্র বিভিন্নভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। সেখানে ভুক্তভোগী পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জমির পূর্ব মালিক খালেকুজ্জামান খান বিপ্লব, বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক কাজল দাস, সহ-সভাপতি নান্টু সরকার এবং শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায়সহ সংগঠনের নেতাকর্মীরা।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন