Logo
Logo
×

সারাদেশ

সরবরাহ লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন নারায়ণগঞ্জে দুর্ভোগ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম

সরবরাহ লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন নারায়ণগঞ্জে দুর্ভোগ

বিদ্যুৎতের সরবরাহ লাইনে ত্রুটির কারণে নারায়ণগঞ্জে সকাল থেকে শহর ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ নেই। এতে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। 

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সরবরাহকারী একটি বিদ্যুৎ কেন্দ্রে লাইন ত্রুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছে। 

কখন নাগাদ এ সমস্যার সমাধান হতে পারে তা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ দক্ষিণের প্রধান প্রকৌশলী কামাল হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে- নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, উকিলপাড়া, গলাটিপা, কালিরবাজার, আমলাপাড়া, টানবাজার, মাসদাইর, জামতলা, বালুর মাঠ, কাশীপুরসহ আশেপাশের কয়েকটি এলাকায় সকাল থেকে বিদ্যুৎ নেই। এতে অনেক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যহত হচ্ছে। 

ব্যবসায়ী সিজান আহমেদ বলেন, সকাল দশটায় মার্কেটে গিয়ে দেখি বিদ্যুৎ নেই। তীব্র গরমে খুবই খারাপ অবস্থা। পরে দোকান বন্ধ করে বাসায় চলে আসছি একটায়। এখন বাসায় এসে দেখি এখানেও বিদ্যুৎ নেই।

কাশীপুরের বাসিন্দা রেহানা পারভীন বলেন, আমাদের বাড়িতে গ্যাস সংযোগ নেই। রান্না চলে ইলেক্ট্রিক চুলাতে। আজ সকাল থেকে বিদ্যুৎ না থাকায় খাবার কিনে খেতে হয়েছে।

পূর্ব কোনো ঘোষণা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান এ এলাকার আরেক বাসিন্দা কুলসুম বেগম। তিনি বলেন, বিদ্যুৎ আসতে দেরি হবে এমন কোনো মাইকিং আমরা শুনিনি। যার কারণে রেগুলার লোডশেডিং ভেবে পানি মজুত বা জমিয়ে রাখিনি। এখন তো বিদ্যুৎ দেরিতে আসলে পানির সংকটেও পড়তে হবে। 

তবে নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে বিদ্যুতের কোনো বিঘ্ন নেই বলে জানিয়েছেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন।

ডিপিডিসির প্রকৌশলী কামাল হোসেন বলেন, শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে লাইন ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে কেন্দ্রটি থেকে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতো- তা বন্ধ রয়েছে। এ কেন্দ্রটি পিজিসিবির আওতাধীন। তারা যখন ত্রুটি মেরামত করবে তখন আবার বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক হবে। 

তিনি বলেন, পিজিসিবির কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তাদের একটি টিম এসে কাজ করছে। ত্রুটি মেরামত হলেই বিদ্যুৎ সরবরাহ করা হবে। তবে বিকাল সোয়া ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সব এলাকায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন