শেরপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:০৯ পিএম
বগুড়া শেরপুরে মাদক সেবন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শেরপুর থানা পুলিশ।
মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. তুষার খন্দকার (৪২), ৩ মাসের কারাদণ্ড; মো. মুকুল হাসান (২৮), ২ মাসের কারাদণ্ড; শ্রী তন্ময় সরকার (২৬), ৩ মাসের কারাদণ্ড; মো. আব্দুর রহমান সাব্বির (৩২), ২ মাসের কারাদণ্ড; মো. জাহিদুল ইসলাম (৪০), ২ মাসের কারাদণ্ড এবং মো. রুমেল বিজয় (২২), ১ মাসের কারাদণ্ড।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত শেরপুর উপজেলা গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে আরও ব্যাপক জনসচেতনতা এবং আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।



