পাকুন্দিয়ায় রাতের আঁধারে যুবক হত্যা, এলাকায় আতঙ্ক
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৮:৪৫ এএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জুবায়ের (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাতে শৈলজানি আলিম মাদ্রাসা সংলগ্ন সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত জুবায়ের উপজেলার চড়পলাশ গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোদালিয়া চৌরাস্তা বাজারের পশ্চিম পাশে শৈলজানি আলিম মাদ্রাসা ও বাজারের মাঝামাঝি এলাকায় জুবায়েরের ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা এগিয়ে আসার আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই জুবায়েরের মৃত্যু হয়।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিংবা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।



