কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০১:১৯ পিএম
কালবৈশাখী ঝড়, বৈরী আবহাওয়া এবং পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে ঈদে ঘরমুখো মানুষ, চালক, পশুবাহী ট্রাক ও খামারিরা পড়েছেন চরম দুর্ভোগে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে এ রুটে ১৫টি ফেরি চলাচল করছিল। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি আটকে রয়েছে এবং নদীর মধ্যে আরও ৩টি ফেরি যানবাহনসহ নোঙর করে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একই সময়ে লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করে। এর আগে এ রুটে ২০টি লঞ্চ চলাচল করছিল। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, নদীতে তীব্র স্রোত ও ঝড়ো আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
যাত্রীদের দুর্ভোগ
সরেজমিনে দেখা গেছে, হঠাৎ শুরু হওয়া ঝড় ও প্রবল বৃষ্টিতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রীদের ভিজতে হয়েছে। শিশু ও বয়স্কদের নিয়ে পরিবারগুলো বিপাকে পড়েছে। পশুবাহী ট্রাকের গবাদিপশু ও খামারিদেরও দীর্ঘ সময় বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে দেখা গেছে।



