বগুড়ার শেরপুরে ফিড মিলে প্রাচীর টপকে প্রবেশ, চোর সন্দেহে যুবক আটক
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০১:১৬ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার (২৫ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে আল আমিন ফিড মিলটির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পান প্রতিষ্ঠানের নাইট গার্ড আব্দুল খালেক। তিনি প্রথমে টর্চলাইটের আলোতে সন্দেহজনক উপস্থিতি দেখতে পান। তবে সঙ্গে সঙ্গে চিৎকার না করে কৌশলে পার্শ্ববর্তী কয়েকজনকে মোবাইল ফোনে ডেকে আনেন।
পরে কোম্পানির মূল দরজার তালা খুলে ভেতরে ব্যাপক খোঁজাখুঁজির একপর্যায়ে একটি মেশিনের পাশে গিরগিটির মতো লুকিয়ে থাকা অবস্থায় আল আমিনকে আটক করা হয়।
আটককৃত আল আমিন শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের শিখর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে নাইট গার্ড আব্দুল খালেক বলেন, “আমি লাইট দিয়ে কারো উপস্থিতি বুঝতে পারি। তখন ভাবলাম চিৎকার দিলে পালিয়ে যেতে পারে। তাই আশপাশের লোকজনকে ডেকে এনে পরে তাকে ধরা হয়।”
অপরদিকে, কোম্পানির ম্যানেজার সুরুজ হোসেন মোল্লা মোবাইল ফোনে জানান, তিনি বর্তমানে দেশের বাড়িতে অবস্থান করছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মিলটিতে চুরির উদ্দেশ্যেই ওই যুবক প্রবেশ করেছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না তা জানা যায়নি।



