Logo
Logo
×

সারাদেশ

নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাখন দাস

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:০২ পিএম

নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাখন দাস

নরসিংদীর অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র মাখন দাস। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী সম্প্রতি তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও তিনি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে গত ১৪ মে ২০২৬ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বরাবর এডহক কমিটি গঠনের অনুমোদন চেয়ে আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা এস, আর, ও নং- ৭৩-আইন/২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী গত ২১ মে ২০২৬ তারিখে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এই এডহক কমিটিতে সভাপতি হিসেবে মাখন দাস, সাধারণ শিক্ষক সদস্য মো. রাজু আহাম্মদ, অভিভাবক সদস্য আসাদুজ্জামান মনির এবং পদাধিকার বলে সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দেবনাথ-এর নাম অনুমোদন দেওয়া হয়।

শৈশব ও কৈশোরের গুরুত্বপূর্ণ সময় পার করা নিজ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাখন দাস বলেন, এই প্রতিষ্ঠান শুধু একটি বিদ্যালয় নয়, এটি আমার আবেগ, ভালোবাসা, স্মৃতি ও শিকড়ের সঙ্গে জড়িত। এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ।

তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থী এবং সমাজের সবার সমন্বয়ে বিদ্যালয়কে আরও সমৃদ্ধ প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করা হবে। আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে পালন করব।

এছাড়াও নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের সবার সহযোগিতা কামনা করেন।

তার এই নিয়োগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এদিকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দীর্ঘদিনের সাংবাদিকতা, শিক্ষা-অনুরাগী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত মাখন দাস বিদ্যালয়ের একজন গর্বিত সাবেক শিক্ষার্থী হিসেবে পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, একজন প্রাক্তন শিক্ষার্থীর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর অভিজ্ঞতা, আন্তরিকতা ও প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসায় বিদ্যালয়টি নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং ঐতিহ্যের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ হবে।

উল্লেখ্য, নরসিংদী জেলার অন্যতম প্রাচীন, সুনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষার মান, কৃতী শিক্ষার্থী ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশেষ সুনাম অর্জন করে আসছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন