প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন নাসিকের ১ হাজার ১৩৫ পরিচ্ছন্নতাকর্মী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:১২ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ধাপে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই নাগরিকরা পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশনের প্রস্তুতির কথাও তুলে ধরেন প্রশাসক। তিনি জানান, ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। নগরবাসীর দুর্ভোগ এড়াতে প্রতিটি ওয়ার্ডে তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন এবং পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মো. শামসুজ্জোহা, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, দিলারা মাসুদ ময়না, মাসুদা মোজাফফর প্রমুখ।



