Logo
Logo
×

সারাদেশ

পাকুন্দিয়ায় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরিবেশ সচেতনতায় ছাত্রদল

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৩৪ পিএম

পাকুন্দিয়ায় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরিবেশ সচেতনতায় ছাত্রদল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে চালতা, কাঁঠাল, লিচু, আম ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নারান্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইজাজুল হোসেন ইমনের উদ্যোগে বিএনপির ঘোষিত ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন সরকার, সাবেক সভাপতি আব্দুর রহমান মাস্টার, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা রিফন, থানা বিএনপির সদস্য আব্দুস সালাম, যুবদল নেতা জসিম উদ্দিন, নারান্দী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য কাউসার ইভান খান, জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন সাগর এবং নারান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “আমাদের হাতে গাছের চারা তুলে দেওয়ায় আমরা খুব আনন্দিত। বাড়িতে গিয়ে আমরা এসব চারা রোপণ করব এবং পরিচর্যা করব। এতে পরিবেশ ভালো থাকবে।”

অভিভাবক আব্দুল কাদের বলেন, “শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। ছোটবেলা থেকেই শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ছাত্রদল নেতা ইজাজুল হোসেন ইমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। পাকুন্দিয়া-কটিয়াদীর নেতা অ্যাডভোকেট জালাল উদ্দিন জালালের নির্দেশনায় সম্প্রতি সড়কের দুই পাশে কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, “আজ নারান্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। ছাত্রদলের এ উদ্যোগের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা এবং তাদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষায় নয়, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিএনপি নেতা মাসুদ রানা রিফন বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সচেতনতার অংশ। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া চারাগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করতে হবে। একটি গাছ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

নারান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ একটি ইতিবাচক উদ্যোগ। শিক্ষার্থীরা গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হবে।”

নারান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন সরকার বলেন, “তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। পরিবেশকে সুন্দর, সুজলা-সুফলা ও বাসযোগ্য রাখতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং সেগুলো নিজ নিজ বাড়িতে রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন