Logo
Logo
×

সারাদেশ

ফুটবলই হবে বাংলাদেশের নতুন পরিচয় : বাফুফে সভাপতি

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:০৯ পিএম

ফুটবলই হবে বাংলাদেশের নতুন পরিচয় : বাফুফে সভাপতি

বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করতে ফুটবলকে অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেছেন, ভবিষ্যতে শুধু দুর্যোগ-দুর্ঘটনা কিংবা গার্মেন্ট শিল্প নয়, ফুটবল খেলার মাধ্যমেও বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে।

বুধবার (২০ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উম্মুলকুরা মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে অরফান লাভ ফাউন্ডেশন।

বাফুফে সভাপতি বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দিতে ফেডারেশনের বড় পরিকল্পনা রয়েছে। তিনি জানান, সরকারের শিক্ষা ও ক্রীড়া উন্নয়ন ভাবনার অংশ হিসেবে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য যে চারটি খেলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে, তার মধ্যে ফুটবল অন্যতম।

তিনি আরও বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি জাতির আবেগ ও পরিচয়ের অংশ। আমরা চাই বাংলাদেশের শিশুরা ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে যুক্ত হোক এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করুক।

তাবিথ আউয়াল উল্লেখ করেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা-তে বাংলাদেশের ফুটবল সমর্থকদের নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনায় বাংলাদেশের দর্শক-ভিত্তি এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এই ভালোবাসা ও আবেগকে কাজে লাগিয়ে ফুটবলকে দেশের দূত হিসেবে ব্যবহার করতে চাই।

জাতীয় ফুটবল দলের উন্নয়নে নতুন কোচ নিয়োগ প্রসঙ্গেও আশাবাদ ব্যক্ত করেন বাফুফে সভাপতি। তিনি জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে এবং ক্যাম্প শুরু হওয়ার আগেই নতুন কোচ দায়িত্ব গ্রহণ করবেন। আমরা এমন একজন কোচ আনতে চাই, যিনি দীর্ঘমেয়াদে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

সিটি ব্যাংক-এর সহযোগিতায় মাদ্রাসার পাঁচ শতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে ফুটবল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশুদের খেলাধুলা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের ফুটবলের প্রতি আকৃষ্ট করবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায়ে অবকাঠামো, প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হলে আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন