হাটহাজারীতে ভূমিসেবা মেলার উদ্বোধন
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:২৬ পিএম
হাটহাজারীতে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের সহজে ভূমিসেবা প্রদানের লক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়েছে।
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইন আবেদন, দাখিলা যাচাইসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ মে) হাটহাজারী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
মেলায় অংশগ্রহণকারী সেবাগ্রহীতারা জানান, অনলাইনে ভূমিসেবা কার্যক্রম চালু হওয়ায় আগের তুলনায় হয়রানি ও সময়ক্ষেপণ কমেছে। বিশেষ করে ঘরে বসেই খাজনা পরিশোধ, খতিয়ান উত্তোলন ও নামজারির আবেদন করতে পারায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবদুল্লাহ আল মুমিন বলেন, সরকার ভূমিসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল ব্যবস্থাপনার ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, বর্তমানে ভূমিসংক্রান্ত অধিকাংশ সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। এতে সেবাগ্রহীতারা দ্রুত ও সহজে সেবা পাচ্ছেন। ভূমি অফিসে দালাল নির্ভরতা কমিয়ে জনবান্ধব সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় বিভিন্ন স্টলে নাগরিকদের তাৎক্ষণিক পরামর্শ, অনলাইন আবেদন সহায়তা ও অভিযোগ গ্রহণের ব্যবস্থাও রাখা হয়। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ ও land.gov.bd পোর্টালের ব্যবহার সম্পর্কেও উপস্থিত জনগণকে অবহিত করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে ভূমিসেবা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও আস্থা সুদৃঢ় হবে।



