Logo
Logo
×

সারাদেশ

ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:০৫ পিএম

ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে মাত্র ৫৩৮ টি ফায়ার স্টেশন যথেষ্ট নয়; তাই অগ্নি নির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন, যুগোপযোগী করতে লোকবল ও স্টেশন বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার(১৯ মে) সকালে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে পাসিং আউট প্যারেড ও পদক প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের ৫২ জন অগ্নিদুর্ঘটনায় মোকাবিলা করতে গিয়ে শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ৭১ এ স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ, ২৪ এর গণ-আন্দোলন তথা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের ফায়ার সার্ভিসের স্লোগান ‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ; নিরাপদ রুখবো সম্পদ ও জীবন’ এর প্রতি সমর্থন জানিয়ে ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা রয়েছে। 

তিনি আরও বলেন, ইতোমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের ট্রেনিং অ্যাকাডেমিসহ আরও ২০ টি প্রকল্পের কাজ চলমান। তবে ৫৩৮ টি স্টেশন বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট নয়। অবিলম্বে সেবাকে ছড়িয়ে দিতেই ফায়ার সনদ চালু করা হয়েছে। অগ্নিদুর্ঘটনায় জনগণের মাঝে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে, যা চলমান থাকবে। 

সকাল ১০টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তাকে স্বাগত জানান। প্রধান অতিথি প্রথমেই বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে ফায়ার সার্ভিস সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে অভিবাদন মঞ্চে আরোহণ করেন। প্যারেড কমান্ডার ফয়সালুর রহমানের নেতৃত্বে পতাকাবাহী কন্টিনজেন্টসহ ৪টি কন্টিনজেন্টের সদস্যগণ প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন এবং মন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে স্টেশন অফিসার, ফায়ার ফাইটার, ড্রাইভার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হওয়ায় ট্রেনিং কমপ্লেক্সের পিও কাম অ্যাডজুটেন্ট সাইদুল আলম চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে বুনিয়াদি প্রশিক্ষণে নির্বাচিত চৌকস কর্মকর্তা-কর্মচারীদের 'চৌকস পদক' এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদকে ভূষিত কর্মকর্তাদের মধ্য থেকে ২০ জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, দুর্ঘটনা-দুর্যোগে আপনারা সবার পাশে সবার আগে উপস্থিত হন। জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন বলেই মানুষ আপনাদেরকে দুঃসময়ের বন্ধু মনে করে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। 

এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচ এম সালাহউদ্দিন আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ, ফায়ার সার্ভিসের পরিচালকবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভলান্টিয়ার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯ মে কেন্দ্রীয় পর্যায়ে উদ্বোধনের পর, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষ্যে আগামী ২০ মে থেকে ২২ মে পর্যন্ত তিন দিনব্যাপী সারাদেশে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি দেশজুড়ে একযোগে পালিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন