Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রাম সদর হাসপাতালে লিফটে আটকা রোগী ও স্বজন, ২ ঘণ্টা পর উদ্ধার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:০৩ পিএম

কুড়িগ্রাম সদর হাসপাতালে লিফটে আটকা রোগী ও স্বজন, ২ ঘণ্টা পর উদ্ধার

কুড়িগ্রাম সদর হাসপাতালে লিফট বিকল হয়ে প্রায় দুই ঘণ্টা আটকা পড়ে থাকেন কয়েকজন রোগী ও তাদের স্বজন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় হাসপাতালজুড়ে চরম ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।  সোমবার (১৮ মে) এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হাসপাতালের লিফটটি বিকল হয়ে যায়। এ সময় ভেতরে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। দীর্ঘ সময় আটকা থাকার কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বারবার টেকনিশিয়ানকে ফোন করা হলেও দীর্ঘ সময় কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে জরুরি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এমন অব্যবস্থাপনা সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে ঘটনার পর হাসপাতালের বিভিন্ন সেবা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা যায়। তারা দ্রুত লিফটের ত্রুটি মেরামতসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন দাবি জানান।

স্থানীয়রা বলেন, জেলার প্রধান এই হাসপাতালে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা নিতে আসেন। সেখানে এমন অব্যবস্থাপনা জনসাধারণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ বলেন, হাসপাতালে কোন লিফট ম্যান পদে লোক নাই। এছাড়া লিফট নিয়ন্ত্রণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। হাসপাতালের এই দুরবস্থার কথা ডিসি মহোদয়ের সমন্বয় কমিটির মিটিংয়ে উত্থাপন করেছি। কিন্তু কোন সুরাহা হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন