জুলাই সনদ বাস্তবায়নে কুড়িগ্রামে জেলা ছাত্রদলের সম্মিলিত লিফলেট বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:০০ পিএম
সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষিত বিএনপির স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরে কুড়িগ্রামে সম্মিলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৮ মে) সকালে কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঘোষিত জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো মাঠে সক্রিয় রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হীরক, সহ-সভাপতি সিফাত রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব, দপ্তর সম্পাদক অর্ঘ্য সাহা দীপ, প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম স্বাধীনসহ জেলা ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ।
এছাড়াও সরকারি কলেজ, মজিদা কলেজ ও পলিটেকনিক ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।



