বরুড়ায় মডেল মসজিদের উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
কুমিল্লার বরুড়া উপজেলায় উদ্বোধন করা হয়েছে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ধর্মীয় শিক্ষা, ইসলামী সংস্কৃতি চর্চা ও সামাজিক কার্যক্রমকে এগিয়ে নিতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
রবিবার (১৭ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এসব মডেল মসজিদ ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম গণপূর্ত জোন কাজী মোহাম্মদ আবু হানিফ এবং ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা বিভাগ) মোহাম্মদ বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্মিত এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় শিক্ষা, ইসলামী সংস্কৃতি চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।



