পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:৪২ পিএম
কুড়িগ্রামে কথিত বিএনপি নেতা সাইফুদ্দিন ইসলাম এ্যাপোলো এবং পুলিশের বিরুদ্ধে হয়রানি, ভয়ভীতি ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভূক্তভোগী পরিবারের সদস্য রিপন রহমান।
কুড়িগ্রাম বিজয় স্তম্ভে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার প্রতিবেশী সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই সুফিয়া অটো ফ্লাওয়ার মিল পরিচালনা করছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয় এলাকাবাসীর আপত্তিকে তোয়াক্কা না করে বেপরোয়াভাবে আবাসিক এলাকায় দলীয় প্রভাব বিস্তার করে অবৈধ মিলটি পরিচালনা করে আসছে।
লিখিত বক্তব্যে রিপন রহমান কান্না জড়িত কণ্ঠে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার পরিবারের বিরুদ্ধে অর্ধ ডজন মামলা দায়ের করেছে কথিত এই বিএনপি নেতা। এরই ধারাবাহিকতায় গভীর রাতে পুলিশ দিয়ে বাড়িতে অভিযান চালিয়ে পরিবারের সদস্যদের মারপিট, বিবস্ত্র করা ও বাড়ির মা-বোনদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ তোলেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাইফুদ্দিন ইসলাম এ্যাপোলো পুলিশ প্রশাসনের সহায়তায় তাদের ওপর চাপ সৃষ্টি করছেন। নামমাত্র মামলা করে পুলিশকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন তিনি। নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ব্যাপারে কথা হলে জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সুফিয়া অটো ফ্লাওয়ার মিলের সত্ত্বাধিকারী সাইফুদ্দিন ইসলাম এ্যাপোলোকে একাদিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। ওয়ারেন্টের আসামী ধরতে গেলে অপরাধী পক্ষের বিরূপ প্রতিক্রিয়া থাকবেই।
পুলিশ কর্তৃক আসামী পরিবারের সদস্যদের মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, পুলিশ খারাপ ব্যবহার করেনি, তারাই খারাপ আচরণ করেছে।



