কুড়িগ্রামে স্কুল বাস গাছে আটকে প্রাণে বাঁচল শিক্ষার্থীরা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:০৮ পিএম
কুড়িগ্রামে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীবাহী একটি বাস। দুটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যেতে লাগলে একটি গাছে আটকে যায়। এতে বাসে থাকা শিশু শিক্ষার্থীরা প্রাণে রক্ষা পায়।
বুধবার (১৩ মে) সকালে কুড়িগ্রাম শহরতলির গড়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে স্কুলের কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফয়সাল করিম জানান, বাসটি দুটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে খাদে পড়ে যাওয়ার সময় একটি গাছে আটকে যায়। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।
স্থানীয় বাসিন্দা নুর আলম অভিযোগ করে বলেন, এখন অনেক স্কুলেই পিকআপ ভ্যান বা অনিরাপদ যানবাহনকে স্কুলবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে শিশুদের জীন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, গড়েরপাড় বাজার সংলগ্ন সরু সড়কে বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। রাস্তার পাশে গভীর খাদ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তবে আল্লাহর রহমতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর আহত ও আতঙ্কিত শিক্ষার্থীদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা নিজ নিজ বাসায় ফিরে যায় বলে জানা গেছে।
কুড়িগ্রাম ওহী ইন্টারন্যাশনাল স্কুলের কর্তৃপক্ষ শেখ মো. শহীদ বলেন, দুটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, তেমন কোনো ক্ষতি হয়নি। সব বাচ্চাই এখন সুস্থ আছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে। আমরা চালককে সর্বোচ্চ ৩০ মাইল গতিতে গাড়ি চালানোর নির্দেশনা দিয়েছি। মূলত রাস্তার পাশের খাদ থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যেয়ে বাচ্চাদের উদ্ধার করে। গাছের কারণে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাসটি রক্ষা পেয়েছে।



