হাটহাজারীর আলোচিত হত্যা মামলার প্রধান আসামি কারাগারে
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০২:১৮ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে আলোচিত ফয়সাল হত্যা মামলার পলাতক প্রধান আসামি জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১১ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) নাজমুল হাসান। তিনি জানান, সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামলার আসামি জুয়েল। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত জুয়েল একই বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে।
গত ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় কামরুল ফয়সাল (৪০) নামে এক কৃষকদল কর্মীকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠে। সেদিন ফয়সাল বাড়ি থেকে জুয়েলের কাছ থেকে পাওনা টাকার জন্য বাজারের উদ্দেশ্যে বের হলে নুর বক্সের তেলের দোকানের পাশের গলিতে ড্রাম ট্রাক তাকে চাপা দেয় জুয়েল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কামরুল ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাকর আলী চৌধুরী বাড়ির সাবেক মেম্বার বাবুলের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন কৃষকদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।



