সোনারগাঁয়ে ইন্টিরিয়র ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাঙচুর
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:৫৮ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইন্টিরিয়র ব্যবসায়ীর গোডাউনে হামলা চালিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে যুবলীগ নেতারা। হামলাকারীরা ব্যবসায়ী গোডাউনে ব্যাপক ভাঙচুর করে।
মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালায় বলে জানা গেছে। নাজিম উদ্দিন (৪৪) নামের ওই ব্যবসায়ীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের জিপসন ও ইন্টেরিয়ার ব্যবসায়ী নাজিম উদ্দিন মোগরাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। তিনি এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালান। এতে ক্ষিপ্ত হন মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ওই ওর্য়াডের সাবেক সদস্য মো. মজিবুর রহমান।
এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশকিছু দিন যাবৎ শত্রুতা ও বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ব্যবসায়ী নাজিমউদ্দিন কাবিলগঞ্জ ঋষিপাড়া এলাকায় তার ব্যবসায়ী গোডাউনে যায়। এসময় যুবলীগ নেতা মজিবুর রহমানের নেতৃত্বে জাহের, ইয়ান, ইয়ামিনসহ ৪/৫ জনের একটি দল পূর্ব পরিকল্পিত ভাবে রামদা, চাপাতি, লোহার রড, কাঠের ও বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ীর গোডাউনে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
হামলাকারীরা ব্যবসায়ী নাজিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী নাজিম উদ্দিন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, আমি আমার ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করবো। আমি এলাকার লোকজনদের পাশে থেকে তাদের বিভিন্ন সেবা দিয়ে আসছি। এ নিয়ে সাবেক মেম্বার যুবলীগ নেতা মজিবুর রহমান আমাকে ও আমার কর্মকাণ্ডে হিংসা করে। বিভিন্ন সময়ে এ নিয়ে কথাকাটাকাটি হয়ে এক পর্যায়ে তার সাথে শত্রুতা ও বিরোধ চলে। এ বিরোধে মঙ্গলবার সকালে মজিবুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র সজ্জিত হয়ে আমার গোডাউনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা আমাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। হামলাকারীরা আমার গোডাউনে থাকা জিপসন, ইন্টেরিয়ার ডিজাইন, ডেকোরেশনের যাবতীয় মালামাল ভাঙচুর করে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতিসাধন করে।
অভিযুক্ত মজিবুর রহমান ঘটনার অস্বীকার করে বলেন, তারা আমার আত্মীয়। কোনো হামলার ঘটনা ঘটেনি। আমি অসুস্থ, আজ ফজর নামাজের পর ঢাকায় গিয়েছি রক্ত পরীক্ষা করতে। আমি এ ঘটনার সাথে জড়িত নয়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। তাদের জায়গায় একটি কাঁঠাল গাছ নিয়ে দ্বন্দ্ব অন্য লোকের সাথে। তারা হামলা করেছে বলে আমি শুনেছি।
সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



