নরসিংদীর মেঘনা নদীতে গোসলে নেমে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:৪২ পিএম
নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে শহরের নাগরিয়াকান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহির শাহরিয়ার ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং জহিরুল ইসলামের ছেলে।
মাহিরের বন্ধু ওয়ালী জানায়, সোমবার সকালে বিএএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ট্রেনে করে নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় ঘুরতে আসেন। ভ্রমণের একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী মেঘনা নদীতে গোসল করতে নামেন।
এ সময় সাঁতার না জানায় মাহির শাহরিয়ারসহ তিনজন নদীর প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকেন। পরে সহপাঠীরা দ্রুত দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও মাহির স্রোতের মধ্যে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও সহপাঠীরা তার সন্ধান না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ডুবুরি দল ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৪টার দিকে ডুবুরিরা নদী থেকে মাহির শাহরিয়ারের মরদেহ উদ্ধার করেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) বলেন, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে আধাঘণ্টার অভিযানের পর মাহিরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ঢাকা হতে অভিভাবক আসার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।



