পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–র পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে বগুড়া সিটি করপোরেশন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার জন্য সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে মহানগরের গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
তিনি বলেন, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন সাধারণ ক্রেতা কার্ড ছাড়াই সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। এতে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ উপকৃত হবেন। প্রয়োজন হলে এই কার্যক্রম আরও বাড়ানো হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রতিদিন ট্রাক সেলের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।
একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা দরে, এক কেজি চিনি ৮০ টাকায় এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় কিনতে পারবেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



