ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৩৩ পিএম
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার শেরুয়া বটতলা হাওয়াখানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামের বিলজয়সাগর এলাকার মৃত মাজেম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে প্রয়োজনীয় কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হাওয়াখানা এলাকায় মহাসড়কের বিভাজকের ফাঁকা অংশ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা অভিমুখী দ্রুতগামী একটি মাজদা ট্রাক (বগুড়া-ড-১১-২১৪২) তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় জাহাঙ্গীর আলম মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে গেলে ঘাতক ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করতে সক্ষম হয়। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



