শেরপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৫১ পিএম
বগুড়ার শেরপুরে যাত্রী সেজে ইজিবাইক চালকদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারী সদস্যও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র সন্ধ্যার পূর্ব মুহূর্তে ইজিবাইক রিজার্ভ ভাড়া করে বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে চালকদের নির্জন এলাকায় নিয়ে যেত। পরে বিভিন্ন খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে চালকদের অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালিয়ে যেত তারা।
এ ঘটনায় শেরপুর থানায় মামলা নং-১৬ ও ১৭, তাং-০৯/০৫/২০২৬ খ্রিঃ, ধারা ৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোডে দুটি মামলা দায়ের করা হয়।
মাননীয় পুলিশ সুপার, বগুড়ার দিকনির্দেশনায় শেরপুর থানার এসআই (নিরস্ত্র) বিকাশ চক্রবর্তী এক মাস ধরে চক্রটির সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালান। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে ভোর ৪টার দিকে শেরপুর থানাধীন দড়িমুকুন্দ গ্রামের শহিদুল হাজীর চাতাল এলাকা থেকে মোছাঃ আংগুরী বেগম (৪৮) কে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া সদর থানার বারোপুর মধ্যপাড়া এলাকা থেকে মোঃ লিটন প্রাং ওরফে বাটু (৪২) ও তার স্ত্রী মোছাঃ ছালেহা বিবি (৩৯) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে লিটনের দেওয়া তথ্য অনুযায়ী বগুড়া সদর থানার চান্দাই এলাকা থেকে মোঃ শহিদুল ইসলাম সোহাগ শেখ (৩৭) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে শহিদুল ইসলাম সোহাগের বাড়ি থেকে ২টি ইজিবাইক উদ্ধার করা হয়। এছাড়া সদর থানার সূত্রাপুর ও খান্দার এলাকার দুটি পৃথক গ্যারেজ থেকে আরও ২টি ইজিবাইক জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ইজিবাইকের মধ্যে সবুজ, লাল ও নীল রঙের মোট ৪টি ইজিবাইক রয়েছে।
শেরপুর থানা ওসি এসএম মঈনউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।



