ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মাইকিং ও চিৎকার দিয়ে মানুষ জড়ো করে চোরদের ধাওয়া দেয়।
স্থানীয়রা জানান, চোরচক্রের কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় গরু চুরি নিয়ে উত্তেজনা ও গণপিটুনির ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী বারবার আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছে।



