Logo
Logo
×

সারাদেশ

২০ বছরে একটি প্রজন্ম ধ্বংস হয়েছে: ডা. এফ এম সিদ্দিকী

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৩০ পিএম

২০ বছরে একটি প্রজন্ম ধ্বংস হয়েছে: ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত দুই দশকে সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয়কে প্রশ্রয় দেওয়ার ফলে দেশের একটি বড় প্রজন্ম বিপথে গেছে। এর প্রভাব শিক্ষাব্যবস্থা ও সামাজিক মূল্যবোধের ওপর মারাত্মকভাবে পড়েছে। সমাজকে অপরাধমুক্ত ও শান্তিময় করতে হলে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এফ এম সিদ্দিকী বলেন, গত ২০ বছরে যারা সন্ত্রাস, বেয়াদবি ও অপরাধকে প্রশ্রয় দিয়েছে, তারা একটি জেনারেশনকে ধ্বংস করেছে। এর ফলেই সমাজে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাংসহ নানা অপরাধ বেড়ে গেছে। এখন সময় এসেছে সমাজ থেকে এসব অপশক্তিকে উপড়ে ফেলে একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।

তিনি বলেন, আমরা চরাঞ্চলকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে শিশু থেকে বৃদ্ধ সবাই গভীর রাতেও নিরাপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচল করতে পারে।

মাদক নির্মূলে স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, এলাকার যেখানেই মাদকের আড্ডা বা ঘাঁটি রয়েছে, তা চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

করিমপুর পাবলিক ইনস্টিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির এবং আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. কাইয়ুম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন