Logo
Logo
×

সারাদেশ

রবীন্দ্রজয়ন্তীতে বগুড়ায় ‘জন্মের প্রথম শুভক্ষণ’

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:২১ পিএম

রবীন্দ্রজয়ন্তীতে বগুড়ায় ‘জন্মের প্রথম শুভক্ষণ’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বগুড়ায় আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জন্মের প্রথম শুভক্ষণ’। শুক্রবার বিকেলে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল এবং পুন্ড ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায়সহ সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা।

রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা নিয়ে আলোচনা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তারা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপন বদলালেও রবীন্দ্রনাথের সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর গান, কবিতা ও দর্শন নতুন প্রজন্মকে মানবিকতা, সৌন্দর্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করে।

আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। কথা, কবিতা, গান ও নৃত্যের সমন্বয়ে দলীয় পরিবেশনায় উঠে আসে রবীন্দ্রচেতনার নানা অনুষঙ্গ। পরিবেশনাগুলোতে ছিল আবেগ, শৈল্পিকতা ও নান্দনিক উপস্থাপনার ছাপ। দর্শকের উপস্থিতিও ছিল প্রাণবন্ত।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী। আয়োজকেরা জানান, রবীন্দ্রচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন