Logo
Logo
×

সারাদেশ

তথ্য সংগ্রহে হাটহাজারীতে সাংবাদিক হেনস্তা, রেঞ্জ কর্মকর্তার বিতর্কিত মন্তব্য

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

তথ্য সংগ্রহে হাটহাজারীতে সাংবাদিক হেনস্তা, রেঞ্জ কর্মকর্তার বিতর্কিত মন্তব্য

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি দপ্তরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তা ও অপদস্থের শিকার হয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বন বিভাগের এক কর্মকর্তার ‘মাসোহারা’ ও ‘লিস্ট’ সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে হাটহাজারী ফরেস্ট বিট কাম চেক স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মকর্তা হলেন স্টেশন কর্মকর্তা লুৎফর রহমান।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, জব্দকৃত কাঠের পরিমাণ ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের জন্য কয়েকজন সংবাদকর্মী বন বিভাগের ওই দপ্তরে যান। শুরুতে কর্মকর্তা লুৎফর রহমান অফিসে উপস্থিত না থাকলেও পরে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সেখানে আসেন। তবে তথ্য দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন।

উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, পেশাগত পরিচয় দেওয়ার পর তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, আপনারা কোন লিস্টে আছেন? এখানে অনেকেই মাসোহারা নেন। আপনারা কোন দলে আছেন?

এ সময় বন বিভাগের সীমানায় প্রবেশ ও ছবি তোলা নিয়ে আপত্তি তুলে তিনি সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত আচরণ করেন। ছবি তোলাকে ‘আইনত নিষিদ্ধ’ দাবি করে তিনি সাংবাদিকদের ধমক দেন বলেও অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি বলেন, আমার অনেক বন্ধু বড় বড় পত্রিকায় কাজ করেন। আমি তাদের সঙ্গে কথা বলে তারপর আপনাদের জানাব।

একজন সরকারি কর্মকর্তার মুখে ‘মাসোহারা’ ও ‘লিস্ট’ নিয়ে এমন মন্তব্যে স্থানীয় সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকের মতে, এই বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অনিয়মের ইঙ্গিতই ফুটে উঠেছে।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তথ্য ও বক্তব্যের জন্য সাংবাদিকরা যেকোনো সরকারি দপ্তরে যেতে পারেন। কোনো দপ্তরে প্রবেশে বিশেষ অনুমতি লাগে— এমন কোনো নিয়ম নেই। সাংবাদিকদের সঙ্গে এমন দুর্ব্যবহার করা মোটেও সমীচীন হয়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িত্বরত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা। সংবাদ লেখা পর্যন্ত বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর প্রস্তুতি চলছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন