নরসিংদীতে একই দিনে পৃথক স্থান থেকে তিন জনের মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৫০ পিএম
নরসিংদীতে পৃথক পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বেলাব, রায়পুরা ও মাধবদী থানা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ, রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ এবং একটি ভাড়া বাসা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেলাব উপজেলার বেলাব-শিবপুর সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
রিয়াজুল ইসলাম আপন মিয়া উপজেলার বাজনাব গ্রামের মোস্ত মিয়ার ছেলে। সে ট্রলি চালানোর পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করতেন তিনি।
নিহতের পরিবারের দাবি, আপন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে অন্য কোথাও থেকে মরদেহ এনে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
নিহতের বাবা মোস্তু মিয়া জানান, বুধবার রাতে এশার নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হন তার ছেলে। এরপর আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ পড়ে থাকার খবর পান তারা।
বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে দুপুরে মাধবদী থানার মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ভুঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার রামচন্দ্রদী গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও স্বজনরা হত্যার অভিযোগ তুলেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার গভীর রাতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



