বগুড়ার শেরপুরে ইয়াবাসহ আটক ৩ যুবকের কারাদণ্ড
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:৫৬ পিএম
বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ মে) দুপুরে উপজেলার বিরইল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বিরইল গ্রামের আলতাব সরকারের ছেলে মো. ফিরোজ সরকার (৩১), ছানকা পশ্চিম পাড়া গ্রামের মো. নাসিরের ছেলে মো. রানা (২৬) এবং একই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. মিলন আহম্মেদ (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শেরপুর উপজেলার বিরইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।
অভিযান চলাকালে তিন যুবকের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়। দণ্ডপ্রাপ্তদের রায় কার্যকরের জন্য তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।



