পাবনা শহরে লাকী বোর্ডিং নামে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ মে) বিকেল ৪টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই তরুণীর বয়স আনুমানিক (২৮) বছর হবে বলে পুলিশ জানিয়েছে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। হোটেলের সকল রুম তল্লাশি করা হচ্ছে। পুলিশের ক্রাইম সিন টিম কাজ করছে। হোটেলের ম্যানেজার ও কর্মচারীরা পলাতক থাকায় এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না। হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, হোটেলে দেওয়া নাম-ঠিকানা যাচাই-বাছাই করার চেষ্টা করা হচ্ছে। তবে কোথাও কোনো নাম-পরিচয় পাওয়া যাচ্ছে না। রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



