রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:২৫ পিএম
পাওনা টাকা চাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।
শুক্রবার (০১ মে) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ভাবি মুক্তি বেগম ভাতিজা ইয়ামিন, নাঈম, লিমন।
ভুক্তভোগী ভাবি মুক্তি বেগম বলেন, আমার দেবর আল আমিন ভুলতা গাউছিয়া মার্কেটে পাঞ্জাবির কারখানা ও দোকান পরিচালনা করে আসছে। ব্যবসায়ীক প্রয়োজনে আমার ও আমার স্বামী আলমগীর মিয়ার কাছে ২০ লাখ টাকা চায় আল আমিন আমরাও তাকে কোন প্রকার ডকুমেন্ট ছাড়া টাকাটা দিই। কিছুদিন আগে সেই পাওনা টাকার ৪ লাখ টাকা আমাদের দেয় আল আমিন।
পরে তার দেওয়া সময় অনুযায়ী বাকি ১৬ লাখ টাকা চাইতে গেলে আল আমিন টালবাহানা করতে থাকে পরে এ বিষয়ে কথা বলতে গত শুক্রবার রাতে আমি ছেলেদের নিয়ে তার শ্বশুর বাড়িতে আল আমিন তার স্ত্রী শারমিন, শ্যালক সেলিম, আল-আমিন, ইয়ামিনসহ আমাদের কোন কথা না শুনেই হামলা চালায়। এসম তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার ছেলে ইয়ামিন, নাঈমকে আঘাত করে এসময় তাদের মাথায় গুরুতর জখম হয়।
এসময় প্রতিবেশী লিমন এগিয়ে আসলে তারা তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা, গলার চেইন ও নাকের ফুল, কানের দুল ছিনিয়ে নেয়। এসময় আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সরে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।



