Logo
Logo
×

সারাদেশ

বৃষ্টির পানিতে ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:২১ পিএম

বৃষ্টির পানিতে ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজের আবাদ করা জমির ধান পানির নিচে তলিয়ে যেতে দেখে স্ট্রোক করে আহাদ মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২ মে) সকাল আটটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

আহাদ মিয়া গোয়ালনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের বাসিন্দা। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, স্বপ্নের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য সহ্য করতে না পেরে তিনি স্ট্রোক করেন।

নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন জানান, ‘সকালে শ্রমিক নিয়ে ধান কাটতে গিয়েছিল আমার ভাই। সব ধান পানিতে তলিয়ে যেতে দেখে স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যায়।’

গোয়ালনগর ইউনিয়নের আরেক কৃষক দুধ মিয়া বলেন, ‘আহাদ মিয়া জমির সব ধান তলিয়ে যেতে দেখে স্ট্রোক করে জমিতেই মারা যান। একই কারণে গোয়ালনগর এলাকার অন্তত তিনজন কৃষক অসুস্থ হয়ে পড়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।’

নিহতের ভাতিজা ফারুক মিয়া বলেন, ‘৫০ হাজার টাকা ঋণ করে আমার চাচা ছয় বিঘা জমিতে ধান আবাদ করেছিলেন। সব জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য তিনি সহ্য করতে পারেননি। সকালে আটটার দিকে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গিয়ে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে স্ট্রোক করে জমির আলেই মারা গেছেন।’

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, ‘উপজেলায় অনেক কৃষকের জমির ধান গত কয়েক দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে। একজন কৃষক ধান কাটতে গিয়ে জমিতে মারা গেছেন বলে জানতে পেরেছি। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর পেয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে তাদের নাম ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে সহায়তার ব্যবস্থা করা হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল বলেন, জমিতে ধান কাটতে গিয়ে একজন কৃষকের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। খোঁজ নিতে একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ওই কৃষকের বাড়িতে পাঠানো হয়েছে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন