রূপগঞ্জে মাদক কারবারির আস্তানায় এলাকাবাসীর হামলা ও উচ্ছেদ অভিযান
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:০৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী রবিউল নামে এক মাদক কারবারির আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান করেছে। শুক্রবার(০১ মে) রাত ০৮ ঘটিকার সময় এই উচ্ছেদ অভিযান করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানায়- তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড উত্তর যুবদল সভাপতি রবিউল ও তার বাহিনী দীর্ঘদিন যাবৎ দলের নাম ও ক্ষমতার অপব্যবহার করে রসুলপুর, বরাব, কামালনগর, মুগরাকুল ও পবনকুল এলাকায় গড়ে তুলেছে মাদকের বিশাল নেটওয়ার্ক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ডজন খানেক মাদকের মামলা আছে রবিউলের বিরুদ্ধে।
রসুলপুর ইটখোলা মাঠের পাশে ইট বালুর গদির আড়ালে দীর্ঘদিন যাবৎ রবিউল ও তার বাহিনী রমরমা মাদকের কারবার করে আসছে। মাদক কারবার ছাড়াও তারা এলাকায় বিশাল কিশোর গ্যাং বাহিনী গড়ে তুলেছে, মাদক কারবারির পাশাপশি এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে রবিউল বাহিনী। এছাড়াও মামলা বাণিজ্য, পুলিশ দিয়ে হয়রানি, অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অবৈধ টাকার মালিক বনে গেছে এ রবিউল।
রবিউল বাহিনীর অত্যাচারে দিশেহারা এলাকাবাসী। রবিউল বাহিনীর অপকর্ম ও অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রসুলপুরে অবস্থিত রবিউলের আস্তানায় উচ্ছেদ অভিযান চালায় এলাকাবাসী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন বলেন, এখন পর্যন্ত থানায় কোনো ধরনের অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



