ক্ষতিগ্রস্ত অঞ্চলের কৃষকদের জন্য অন্তত তিন মাসের বিশেষ প্রণোদনা দেওয়া হবে : ফজলুর রহমান
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:৪৩ পিএম
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই দুর্যোগ প্রতি বছর আসে না, মাঝেমধ্যে আসে। ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার সাথে সাথে মানুষের কপালও যেন আজ পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষের কান্নার আজ কোনো শেষ নেই।
শুক্রবার (১ মে) বিকেলে মিঠামইন উপজেলার দক্ষিণের বিশাল হাওর সরেজমিনে পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এসময় বৈরী আবহাওয়ায় তলিয়ে যাওয়া ধানের জমি দেখে কৃষকদের হাহাকার ও আর্তনাদে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গতকাল সংসদ অধিবেশন শেষ করেই আজ আমি আমার নির্বাচনী এলাকায় ছুটে এসেছি। আমি দেশবাসী ও বিশ্ববাসীর কাছে আবেদন জানাচ্ছি—আপনারা হাওর অঞ্চলের এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। কারণ, এবারের মতো ভয়াবহ দুর্যোগ বহুদিন এখানে আসেনি। প্রায় সব ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে।
কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল সংসদে স্পষ্টভাবে বলেছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলের কৃষকদের জন্য অন্তত তিন মাসের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। আমি পুরো এলাকা ঘুরে দেখছি এবং উপজেলা প্রশাসন ও কৃষকদের সাথে সরাসরি কথা বলছি। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।
পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।



