মনোহরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভাসছে কৃষকের স্বপ্ন, পানির নিচে পাকা ধান
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:১৯ পিএম
বোরো ধান ঘরে তোলার সময় বৈশাখী ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে ফসলের ক্ষেত। ডুবে গেছে ধান। একদিকে উৎপাদন খরচ আগের তুলনায় বেড়েছে। তার ওপর পাকা ধান ভিজে কোয়ালিটি নষ্ট হওয়ায় ধানের দাম পাওয়া যাবে না। কৃষকের আশঙ্কা, পাওয়া যাবে না বীজের ধানও।
গত কয়েকদিন ধরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মাঠে মাঠে কৃষকদের ধান কাটা, মাড়াই ঝাড়াই শেষে ধান ঘরে তোলা ও চাল তৈরি করার জন্য সিদ্ধ করা ও শুকানোর মহোৎসব চলছে। এ বছর মনোহরগঞ্জ উপজেলার গতবছরের তুলনায় এ বছর ইরি বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক বইছে।
কিন্তু গত দুদিনের আকস্মিক বৈশাখী ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে ফসলের ক্ষেত। পানিতে ডুবে গেছে জমির ফসল। ভেঙে পড়ায় ধানের শীষ পানিতে ডুবে গেছে।
কৃষক নুরু মিয়া জানান, একদিকে আগের তুলনায় উৎপাদন খরচ বেড়েছে। ঋণের বোঝা মাথায় নিয়ে ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু গত ২ দিনের কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে ভালো থাকার স্বপ্ন হাতছাড়া হয়ে গেল।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরওয়ার তুষার বলেন, ধান নষ্টের হাত থেকে বাঁচাতে আবহাওয়া দেখে ধান কেটে ঘরে তুলতে পরামর্শ দেওয়া হয়েছিল।



