Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৪:২৯ পিএম

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’ প্রতিপাদ্যতে সারাদেশের ন্যায় বগুড়াতেও পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। শুক্রবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বগুড়া জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি পরবর্তী বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা। 

এ সময় তিনি বলেন, শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে আর শ্রমিক মালিক একসাথে ভালো থাকলে দেশ বাঁচবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যেই নির্বাচনী ওয়াদাগুলো পূরণ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিতে পর্যায়ক্রমে কাজ করা হবে। একই সাথে প্রতিবছর শ্রমিকদের জন্য সরকারি যে বরাদ্দ থাকে তা যেন সুষ্ঠুভাবে বণ্টন হয় এবং প্রকৃত অর্থেই যাদের প্রয়োজন তারাই যেন পায় সেই স্বচ্ছতা নিশ্চিতের বিষয়েও তিনি কর্তৃপক্ষকে আর দায়িত্বশীল হতে বলেন।

সংসদ সদস্য বাদশা আরো বলেন, আমরা বগুড়াকে গোপালগঞ্জ বানাতে চাই না। আমরা এমন উন্নয়ন চাই যেন সারাদেশের সাথে সমতা নিশ্চিত হয়। দীর্ঘ ২০ বছর রাজনৈতিক বৈষম্যে বগুড়ার যে উন্নয়নটুকু এই জেলার মানুষের প্রাপ্য ছিলো তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার সহকারী মহাপরিদর্শক মো. সাথিল মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান, আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক মির্জা ইকবাল মাহমুদ এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক।

এছাড়াও সভায় শ্রমিক ও মালিকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল এবং রাহুল গ্রুপের এক্সিকিউটিভ এইচ আর রাসেল খান।

র‍্যালি ও আলোচনা সভায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনসহ জেলা প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন