Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়িতে আগুন, গ্রেপ্তার প্রেমিকার ভাই

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

নরসিংদীতে প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়িতে আগুন, গ্রেপ্তার প্রেমিকার ভাই

নরসিংদীর মাধবদীতে প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাথাড়ি কোপে সাজ্জাত হোসেন (২২) নামের এক প্রেমিক যুবক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকা, তার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে তারই প্রেমিকের স্বজনরা।

রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার ভোরে প্রেমিকার ভাই আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত প্রেমিক সাজ্জাদ হোসেন (২২) পৌর এলাকার খরমুদ্দি এলাকার মাহতাব মিয়ার ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে তিনি আইসিওতে চিকিৎসাধীন রয়েছে। 

আহত প্রেমিকের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই খরমুদ্দি এলাকার যুবক সাজ্জাদের সাথে একই এলাকার আমির হোসেনে মেয়ে ফারজানা আক্তারের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলো। সম্প্রতি ফারজানা সাজ্জাদের সাথে পালিয়ে গেলে ফারজানার পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। পরে এলাকাবাসীর মাধ্যমে ঘটনার বিষয়টি মীমাংসা করে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। 

রবিবার সকালেও মেয়ে পুনরায় প্রেমিকের কাছে চলে গেলে তাকে পুনরায় বাড়িতে নিয়ে আসে। পরে বিকালে প্রেমিকার ভাই, চাচাসহ কতিপয় লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে খরমুদ্দি বায়তুন আমান জামে মসজিদের পাশে ডালেমের একটি গাড়ি মেরামতের দোকানে বসে থাকা অবস্থায় সাজ্জাদকে তারা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ঢাকায় প্রেরণ করে। 

প্রত্যক্ষদর্শী ডালিম মিয়া জানান, সাজ্জাদ দোকানের সামনে বসে থাকা অবস্থায় তারা এসে হামলা করে এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে সে প্রাণ বাঁচাতে আমার দোকানের ভিতরে গেলে সেখানে গিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন প্রেমিকার নিজ বাড়ি, তার চাচা ও ফুফুসহ চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় পরিবারের অন্যান্য লোকজন ছুটোছুটি করে আত্মরক্ষা করে। ফায়ার সার্ভিসের লোকজনকে বাধাগ্রস্ত করায় পুরোপুরি পুরে ছাই হয়ে যায় ঘরের আসবাপত্রসহ যাবতীয় সরঞ্জাম। 

সাজ্জাদের মা কুহিনূর বেগম জানায়, তারা দুজন দুইজনকে পছন্দ করে। মেয়ে কয়েকবার পালিয়ে ছেলের কাছে চলে আসলে সামাজিকভাবে মেয়েকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। গতকাল মেয়ের ভাই তার লোকজন নিয়ে সাজ্জাদকে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে। আমার ছেলেটা হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে, বাঁচবে কিনা জানিনা। আমরা এঘটনার বিচার চাই।

তবে, আগুনে ক্ষতিগ্রস্তরা জানায়, তাদের সবকিছু পুড়ে ছাই করে ফেলছে। ঘরেরর জিনিসপত্র লুটপাট করেছে। আমরা গরিব মানুষ। এঘটনার সাথে জড়িত নই।

মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, ঘটনাটি আমাদের ফায়ার সার্ভিস অফিসের রাস্তা ঠিক বিপরীত পাশে। এত কাছাকাছি হওয়া সত্ত্বেও স্থানীয় লোকজনের বাধায় অগ্নি নির্বাপণ কাজে সময়মতো অংশ নিতে পারিনি। পরে পুলিশের সহযোগিতায় আমাদের ২টি ইউনিট কাজ করে আগুন নিভাতে সক্ষম হই। দেরি হওয়ার ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানায়, প্রেমিক-প্রেমিকা সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। এর জেরে প্রেমিকার বাড়ি-ঘরে অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে। এঘটনায় আহতের মা কুহিনূর বেগম বাদী হয়ে ৭ জনের নামসহ অভিযোগ দিয়েছে।  ইতোমধ্যে ভোরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অপরাধীদের ধরতে কাজ করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন