Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খবারে গন্ধ পেলেন প্রতিমন্ত্রী, স্যাম্পল পাঠালেন ল্যাবে

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম

নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খবারে গন্ধ পেলেন প্রতিমন্ত্রী, স্যাম্পল পাঠালেন ল্যাবে

নরসিংদীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন চালিয়ে মিড-ডে মিলের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম এবং মিড-ডে মিল কর্মসূচির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় সরবরাহকৃত খাবারের মান নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেন এবং মানোন্নয়ন না হলে কার্যাদেশ বাতিলের সতর্কতা দেন। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে অস্বাভাবিক গন্ধ পাওয়া গেলে সন্দেহের ভিত্তিতে দুটি নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, মিড-ডে মিলের মান নিয়ে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, তা তিনি নিজেই সরেজমিনে যাচাই করছেন। শিশুদের জন্য সরবরাহকৃত খাবারে যেন কোনো ত্রুটি না থাকে এবং তারা যাতে আগ্রহ নিয়ে বিদ্যালয়ে আসে সে লক্ষ্যেই সারাদেশে এই পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রিসভা উদ্বিগ্ন এবং প্রয়োজন হলে পুরো ব্যবস্থাপনাতেই পরিবর্তন আনা হবে।

খাবারের অপচয় রোধ এবং মান উন্নয়নের লক্ষ্যে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে মিড-ডে মিলের ধরন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষা কারিকুলামে ভেদাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সমান্তরাল কারিকুলাম নিয়ে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সাথে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে অনুষ্ঠিত "এক সুরে বাংলাদেশ" অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় আয়োজিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন