নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র্যালি ও দিনব্যাপী সেমিনার
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্দ্যোগ’ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক র্যালি ও সেমিনার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নরসিংদী জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি হতে বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী স্টেডিয়ামে এসে শেষ হয়।
পরে শিশু একাডেমিতে আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন ব্যাংকের ১৬৬টি শাখার ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়া পিএলসি লিড ব্যাংক হিসেবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও আর্থিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে।
সেমিনারে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবার সুবিধা নিরাপত্তা এবং ব্যবহার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম ও কিউআর কোডভিত্তিক পেমেন্টে বিশেষ ছাড়ের বিষয়েও আলোকপাত করা হয়। যার লক্ষ্য ছিল ডিজিটাল লেনদেন বাড়ানো এবং আর্থিক সচেতনতা বৃদ্ধি করা।
এ সময় বক্তারা নগদ লেনদেনের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহারের ওপর জোর দেন, যা দ্রুত, সহজ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে সহায়ক। তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট ১ এর পরিচালক আ ন ম মঈনুল কবীর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার মো: আবদুল্লাহ-আল-ফারুক, বাংক এশিয়া পিএসসি’র উপ ব্যবস্থাপনা পরিচালক মির্জা আজহার আহমদ।



