চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে মাটিচাপায় দুই শ্রমিক নিহত, আহত দুই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ অ্যাকসেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলাকালে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে সিঙ্গাপুর মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিকরা হলেন রাকিব ও তুষার। আহত দুইজন সাগর ও এরশাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ভোর রাতে পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় হঠাৎ ওপর থেকে মাটির একটি বড় অংশ ধসে পড়ে চার শ্রমিক চাপা পড়েন। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো প্রকল্পের কাজ করছে। দুর্ঘটনার বিষয়ে তাদের কাছে এক্সিডেন্ট রিপোর্ট চাওয়া হয়েছে। নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্ষতিপূরণের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।



