রূপগঞ্জে ডাকাতি করে বৈদেশিক মুদ্রা, স্বর্নালংকার ও নগদ অর্থ লুট
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যাবার পথে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে বৈদেশিক মুদ্রা, স্বর্নালংকার, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়।
বুধবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী হিমু আক্তার বলেন, ব্রাহ্মণবাড়িয়ারর নবীনগর থানাধীন পেয়ারাকান্দি এলাকার হিমু আক্তার ৬ মাস পূর্বে তার স্বামী কাছে সৌদী আরবে যায়। সেখান থেকে ফিরে আজ ভোররাতে শাহাজাহালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি প্রাইভেটকার যোগে পরিবারের লোকজনের সাথে নিজ বাড়ি ফিরছিলেন। গাড়ি ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল সাওঘাট এলাকায় পৌছেলে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েছ গাড়ি তাদের গাড়ীর গতিরোধ করে।
এসময় ৫ জন ব্যক্তি নিজেদের আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা গাড়িতে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণ,সৌদী আরবের ৪ হাজার রিয়াল, ৩ টি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকা লুটে নেয়। বাধা দেয়ায় প্রবাসীর স্ত্রী হিমু আক্তার ও তার ভাই মাইনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।



