দীর্ঘ ২০ বছর পর পৈত্রিক ভিটায় পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম
দীর্ঘ দুই দশক পর পৈত্রিক ভিটায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে পৌঁছান। এটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর গ্রামের বাড়ি, যা ‘জিয়াবাড়ি’ নামে পরিচিত। বগুড়া শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান।
পৈত্রিক ভিটায় পৌঁছানোর সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দীর্ঘদিন পর নিজের এলাকায় ‘ঘরের ছেলে’কে ফিরে পেয়ে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
বাগবাড়ীতে পৌঁছেই প্রধানমন্ত্রী দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন এবং গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করেন। পরবর্তীতে বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের উদ্বোধন এবং পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জানান, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান পৈতৃক বাড়িতে এসেছিলেন। প্রায় ২০ বছর পর এবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজ গ্রামে ফিরলেন।



