Logo
Logo
×

সারাদেশ

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে অকটেন তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নুর আলম মাসুদ নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নুর আলম মাসুদ (৪৫) সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির বাসিন্দা এবং সততা অয়েল মিলের মালিক ছিলেন।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নজরুল প্রাইমারি স্কুলের সামনে নুর আলম মাসুদ ও তার সহকারী মো. ওমর ফারুক ইউটিউব দেখে একটি বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন। এ সময় অতিরিক্ত তাপের কারণে একটি পাইপ হঠাৎ বিস্ফোরিত হয়। এতে দুজনই গুরুতরভাবে দগ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ মারা যান। অন্যদিকে তার সঙ্গে থাকা দগ্ধ তার সহকারী ওমর ফারুক এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দিন হৃদয় বলেন, মাসুদ প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু করার চেষ্টা করতেন। সম্প্রতি তিনি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

নিহতের ভাই মোর্শেদ বলেন, আমার ভাই একটি নতুন পদ্ধতিতে কাজ করছিলেন। কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হঠাৎ পাইপ বিস্ফোরিত হয় এবং দুর্ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন