Logo
Logo
×

সারাদেশ

বজ্রপাতে ২ জনের মৃত্যু, শিশুসহ আহত ১০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

বজ্রপাতে ২ জনের মৃত্যু, শিশুসহ আহত ১০

রংপুরের মিঠাপুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ১০ জন।

উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রামেশ্বরপাড়া গ্রামের মাঝিপাড়ার গ্রামের মিলন মিয়া (৩৫) এবং সখীপুর গ্রামের আবু তালেব (৬৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে সখীপুর গ্রামের একটি মৎস্য খামারে জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল। আর স্থানীয় কয়েকজন খামারের পাড়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলেন। হঠাৎ আকাশ কালো করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়, এবং একটি শক্তিশালী বজ্রপিণ্ড খামারের পাড়ে এসে পড়ে। বজ্রপাতের তীব্রতায় উপস্থিত সবাই জ্ঞানশূন্য হয়ে পড়েন, এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর দগ্ধ ও আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় গ্রামবাসী নিজেরাই আহতদের উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মিলন মিয়া ও আবু তালেবকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এম. এ হালিম লাভলু জানান, হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বৈশাখী এই ঝড়ের মৌসুমে মাছ ধরতে গিয়ে দুই জনের মৃত্যুতে সখীপুর ও রামেশ্বরপাড়া এলাকায় শোকের মাতম চলছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে স্বজনরা এখন দিশেহারা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন