Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ঝুঁকিপূর্ণ ইউটার্ন বন্ধে স্বস্তি: মির্জাপুরে দুর্ঘটনা কমার আশা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

শেরপুরে ঝুঁকিপূর্ণ ইউটার্ন বন্ধে স্বস্তি: মির্জাপুরে দুর্ঘটনা কমার আশা

বগুড়ার শেরপুর উপজেলার অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকা মির্জাপুর কবরস্থানের পাশের ইউটার্ন অবশেষে স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই স্থানসহ নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনের ইউটার্ন এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটত, যার ফলে অকালে ঝরে যেত বহু প্রাণ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের উদ্যোগে মির্জাপুর বাজার সংলগ্ন এই ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধ করতে নির্মাণকাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, ইউটার্নটি খোলা থাকায় ছোট-বড় যানবাহনের অনিয়ন্ত্রিত পারাপারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটত।

মির্জাপুর এলাকার এক স্থায়ী বাসিন্দা জানান, “এই ইউটার্নের কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত, অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটেছে।”

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, “এলাকাবাসীর সচেতনতা ও দাবির প্রেক্ষিতে ইউটার্নটি বন্ধ করা সম্ভব হয়েছে। এতে সড়ক নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, নাবিল হাইওয়ে রোডের অপর একটি ঝুঁকিপূর্ণ ইউটার্ন ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছে। তারা শিগগিরই তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের আশা, এই উদ্যোগের ফলে শেরপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দুর্ঘটনা কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন