রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে রূপগঞ্জ উপজেলার মোট ৪২০ জন কৃষককে এই সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে উফশী আউশ ধানের জন্য ৪০০ জন এবং গ্রীষ্মকালীন তিল চাষের জন্য ২০ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। আউশ চাষি প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। অন্যদিকে তিল চাষি প্রত্যেক কৃষক পেয়েছেন ১ কেজি উচ্চফলনশীল তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
প্রধান অতিথির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। আউশ ও তিল চাষের মাধ্যমে আমাদের জমিগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে আমদানি নির্ভরতা কমে।
রূপগঞ্জ কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন, সরকার প্রদত্ত এই সার ও বীজের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে কাজ করছেন। আধুনিক পদ্ধতিতে আউশ ও তিল চাষ করতে পারলে কৃষকরা অল্প খরচে অধিক লাভবান হতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ। সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা।



