গ্রাম বাংলার ঐতিহ্য: উৎসবে মাতাল ‘হাঁস ধরা’ প্রতিযোগিতা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবের আমেজ নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে অনুষ্ঠিত হয়ে গেল ‘হাঁস ধরা প্রতিযোগিতা’। পুকুরের শান্ত জলে হাঁস আর মানুষের এই লুকোচুরি খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন শত শত উৎসুক জনতা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের কাঁচারী পুকুরে উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।জল-কাদার লড়াই ও বাঁধভাঙা উল্লাস
সকাল গড়াতেই পুকুরপাড়ে জড়ো হতে থাকেন শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও।
সরেজমিনে দেখা যায়, আয়োজকরা পুকুরে কয়েকটি হাঁস ছেড়ে দিলে তা ধরতে ঝাঁপিয়ে পড়ে ১৮০জন বিভিন্ন বয়সী মানুষ। পুকুরপাড়ে জড়ো হওয়া দর্শকদের করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিযোগীরা কখনও সাঁতার কেটে, কখনও ডুব দিয়ে হাঁস ধরার চেষ্টা চালান, যা সৃষ্টি করে এক আনন্দঘন পরিবেশ। পরে যারা যে হাঁস ধরে সেই হাঁসসহ পুরস্কার দেয় আয়োজকরা।
উৎসবমুখর এ আয়োজন দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখে।
পুকুর পাড়ে দাঁড়িয়ে খেলা দেখা একজন প্রবীণ দর্শক জানান, "আগেকার দিনে ছিল এমন সব মজার খেলা। অনেকদিন পর এমন আয়োজন দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।" আগামীতেও এই ধরনের গ্রামীণ ক্রীড়া উৎসব অব্যাহত রাখার দাবি জানান তিনি।
কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



